মানিকগঞ্জে শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আঁখি আক্তারের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, কলেজের উপাধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ফরিদ আহমেদ, মামুনুর রশিদ, ফিরোজ আলম, সহপাঠী সোমা আক্তার প্রমুখ। কলেজ কর্তৃপক্ষ ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার সূত্র জানায়, জেলার প্রধান ডাকঘরের ভেন্ডার ফাতেমা বেগমের মানিকগঞ্জ পৌর এলাকার দুধবাজার মহল্লার বাসা রয়েছে। দেড় বছর ধরে এবারের এইচএসসি পরীক্ষার্থী আঁখি আক্তার ভাড়া থেকে লেখাপড়া চালিয়ে আসছিল। গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ময়লা পরিষ্কার নিয়ে বাড়ির মালিক ফাতেমা বেগমের মেয়ে উত্তরা কমার্স কলেজের শিক্ষার্থী তন্নী আক্তারের সঙ্গে আঁখির কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে মা ফাতেমা বেগম ও মেয়ে তন্নী আঁখির গায়ে গরম পানি ঢেলে দেন। এতে তার দুই পা ঝলসে যায়। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সমাবেশে বক্তারা নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান। পরে তাঁরা তাঁদের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করেন। এরপর তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় আঁখির মামা আবদুর রশিদ ঘটনার দিনই (২০ ফেব্রুয়ারি) মামলা দায়ের করেন। পরে পুলিশ ফাতেমা ও তন্নীকে ওই দিন রাতেই গ্রেপ্তার করে। পরের দিন (২১ ফেব্রুয়ারি) নির্যাতনকারীদে আদালতে হাজির করা হয়। ওই দিনই তাঁরা জামিনে মুক্ত হন।