মানিকগঞ্জে শিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড
মানিকগঞ্জে গতকাল শনিবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পারেনি ইসলামী ছাত্রশিবির। এই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশের বাধা এবং ছাত্রলীগের কর্মীদের হামলার কারণে তারা পূর্বনির্ধারিত অনুষ্ঠান করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানের জন্য ছাত্রশিবির কোনো অনুমতি নেয়নি।ছাত্রশিবিরের নেতা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ১১২ জন শিক্ষার্থী উপস্থিত হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর আধঘণ্টা পর সদর থানার পুলিশ সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। ফলে অনুষ্ঠান শেষ না করেই আয়োজকেরা উপস্থিত শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ক্রেস্ট ও বই তুলে দেয়।জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল মান্নান অভিযোগ করেন, জেলা ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনায়তনটিও আইনজীবী সমিতির কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। তার পরও অনুমতি না থাকার অজুহাতে পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দেয়। আবদুল মান্নান আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও শিক্ষার্থীদের দেওয়া ক্রেস্ট ভাঙচুর করে।তবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর ছিদ্দিক বলেন, সংবর্ধনার নামে শিক্ষার্থীদের মধ্যে সরকারবিরোধী ও জঙ্গি প্রচারণা চালাচ্ছিল ছাত্রশিবির। এ জন্য নেতা-কর্মীরা সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, অনুমতি না থাকায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ছাত্রলীগের হামলার বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের কথা শুনেছি, কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি।’