মানিকগঞ্জে শিশুপার্ক সংস্করণ ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের দাবি
মানিকগঞ্জে শিশুপার্ক সংস্করণ ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে এসব দাবি জানানো হয়।বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে পৌর নাগরিক কল্যাণ সমিতি, বারসিক, সাবিস, উদীচী, স্যাক, উত্তরণ, প্রভাত সংঘ, সন্দীপন, এইচডি গ্রুপ, মাদকবিরোধী ছাত্রমঞ্চ, খেলাঘরসহ জেলার বিভিন্ন সংগঠন অংশ নেয়। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শিশুরাও তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর নাগরিক কল্যাণ সমিতির সভাপতি গাজী কামরুল হুদা, সিপিবির জেলা সভাপতি আজাহারুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসাইন খান, স্যাকের নির্বাহী পরিচালক দীপক কুমার ঘোষ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, খেলাঘরের জেলা আহ্বায়ক মীর মোকছেদুল আলম, উদীচী জেলা শাখার কোষাধ্যক্ষ রাজলক্ষ্মী চৌধুরী, বারসিকের কর্মকর্তা বিমল রায়, উত্তরণের সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের পাশে অবস্থিত একমাত্র শিশুপার্কটি দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী রাখার কারণে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এতে শিশুদের বিনোদনের এই জায়গাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া শিশুপার্কটিতে চিত্তবিনোদনের জন্য উল্লেখযোগ্য তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে শিশুরাও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা আগামী জাতীয় শিশু দিবসের আগেই শিশুপার্কটি সংস্কার ও ব্যবহারের উপযোগী করার দাবি জানান।এ ছাড়া বক্তারা শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস তুলে ধরা এবং সংস্কৃতির ধারা বজায় রাখার জন্য জেলা শহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনেরও দাবি জানান। মানববন্ধন শেষে এসব সমস্যার সমাধানের দাবিতে জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়।