মানিকগঞ্জে শিশুপার্ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের একমাত্র শিশুপার্কটি সংস্কারের অভাবে শিশুদের বিনোদন ও খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। দুই বছর ধরে পৌরবাসীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পার্কটি সংস্কারের দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ এটি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি।
গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মুক্তিযোদ্ধা শিশুপার্কটি সংস্কার ও এর স্মৃতিফলক বড় করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় সামাজিক ঐক্য পরিষদের সভাপতি কামাল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন স্যাকের পরিচালক দীপক ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আজাহারুল ইসলাম, নারীনেত্রী লক্ষ্মী চ্যাটার্জী ও কাজী শিউলী, সাবিসের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহম্মেদ, বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়, প্রথম আলো বন্ধুসভার জেলা শাখার সভাপতি মাহবুব আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার্থে নামকরণ করা জেলার একমাত্র শিশুপার্কটি সংস্কারের অভাবে অনেকটা ভাগাড়ে পরিণত হয়েছে।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, শিশুপার্কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।