মানিকগঞ্জে শুরু হয়েছে ভাষা প্রতিযোগ

মানিকগঞ্জে শিক্ষার্থীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শুরু হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সাভারের মোট এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।
আজ শুক্রবার সকাল আটটা থেকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণ উৎসবস্থলে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। সকাল পৌনে নয়টার মধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা অনুষ্ঠান চত্বরে চলে আসেন। আনন্দ ও উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। প্রতিযোগে অংশ নিতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের মধ্যে ভাষা নিয়ে উচ্ছ্বাস দেখা যায়।
সকাল সোয়া ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন করেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন তিনি। এরপর বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা।
এর আগে সকাল নয়টায় চারটি বিভাগের শিক্ষার্থীরা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে। পরে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহবুব বোরহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন-অর-রশিদ এবং মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, এইচসিবিসির ঊর্ধ্বতন কর্মকর্তা সাদাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু।
ভাষা প্রতিযোগের এ আয়োজন ১৩ বছর পূর্তি হলো। এ বছর উৎসবের সহযোগিতায় রয়েছে গণসাক্ষরতা অভিযান।

উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, মাকে যে ভালোবাসে, সে মাতৃভাষাকে ভালোবাসে। প্রথম আলোর আয়োজনে আজকের এই ভাষা প্রতিযোগের মতো উৎসব শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলবে। এর মধ্য দিয়ে শুদ্ধ বাংলা চর্চা হবে এবং বাংলা ভাষা সমৃদ্ধ হবে।