মানিকগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২০
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আয়েশা আবেদ ফাউন্ডেশনের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করলে শ্রমিকেরা এর প্রতিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। জেলা প্রশাসন ও সদর থানা পুলিশ জানায়, বেলা দুইটার দিকে ব্র্যাকের নিজস্ব পোশাক তৈরির প্রতিষ্ঠান আয়েশা আবেদে ভ্রাম্যমাণ আদালত হানা দেন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ সুলতানা ও এনডিসি শামীম মুশফিক। অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপক যন্ত্রে ত্রুটি ধরা পড়ে। এ ছাড়া পরিবেশের ছাড়পত্র ও শোধন ছাড়াই ক্ষতিকর বর্জ্যমিশ্রিত তরল পদার্থ পাশের বিলে ফেলার প্রমাণ পাওয়া যায়। জুতা ও দস্তানা ছাড়াই শ্রমিকদের রং মিশ্রণ করতে দেখা যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু কারখানার ব্যবস্থাপক শ্যামল কুমার দাশ জরিমানা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ব্যবস্থাপককে আটক করে নিয়ে যাওয়ার প্রতিবাদে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিকেল তিনটার দিকে কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পৌনে চারটার দিকে পুলিশ কর্মকর্তারা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে শ্রমিকেরা মারমুখী হয়ে ওঠেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশের তাড়া খেয়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন। পরিস্থিতি শান্ত হলে বিকেল সোয়া চারটার দিকে যান চলাচল শুরু হয়।জানতে চাইলে ম্যাজিস্ট্রেট শাহানাজ সুলতানা প্রথম আলোকে বলেন, ‘ব্যবস্থাপক শ্যামল কুমার দাশকে আটক করা হয়নি। তিনি নিজেই মুচলেকা দেওয়ার জন্য আমাদের সঙ্গে যান।’ মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়া বলেন, পুলিশ শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ শ্রমিকদের শান্ত করতে হালকা লাঠিপেটা করে। জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, কারখানাটিতে ব্যাপক অনিয়ম রয়েছে। এসব কারণেই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক শ্যামল কুমার দাশ সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।