মানিকগঞ্জে শ্রমিকনেতারাই রিকুইজিশন করেন যানবাহন
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তো দূরের কথা, সরকারি কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও যানবাহন রিকুইজিশন করতে জেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন। কিন্তু মানিকগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা অহরহ যানবাহন রিকুইজিশন করছেন। সূত্র জানায়, ১৯৮৭ সালের অস্থাবর সম্পত্তি হুকুমদখল অধ্যাদশ অনুযায়ী জনস্বার্থে ও সরকারি প্রয়োজনে কেবল জেলা প্রশাসনই বিভিন্ন যানবাহন (বাস, ট্রাক, মাইক্রোবাস, জিপ, হিউম্যান হলার, ম্যাক্সি, অটোটেম্পো ও মোটরসাইকেল) রিকুইজিশনের ক্ষমতা রাখে। নিয়ম অনুযায়ী জনস্বার্থে ও সরকারি কাজে কোনো ধরনের যানবাহন রিকুইজিশনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যবস্থা নেবেন। মানিকগঞ্জে এ নিয়ম মানা হচ্ছে না। এতে হয়রানির শিকার হচ্ছে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সোমবার রাতে এমনই হয়রানির মধ্যে পড়ে প্রথম আলোর পত্রিকাবাহী বাস। র্যাবের কথা বলে বাসটি রিকুইজিশন করেন মানিকগঞ্জের শ্রমিক ইউনিয়নের নেতারা। বাসটিতে ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা ও নড়াইলে প্রথম আলো পত্রিকা সরবরাহ করা হয়।প্রথম আলো পত্রিকা পরিবহনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার আবদুল আলীম জানান, পত্রিকা আনতে বাসটি আরিচা থেকে ঢাকায় যাওয়ার পথে সোমবার রাত আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ রানা তা আটক করেন। এরপর তিনি চালক মাঈনুল ইসলামের কাছ থেকে লাইসেন্স রেখে বাসটি র্যাব-৪-এর সাভার ক্যাম্পে পাঠিয়ে দেন।আবদুল আলীম অভিযোগ করেন, প্রথম আলো পত্রিকার বাস বলে কাগজপত্র দেখানোর পরও ওই নেতা অশালীন আচরণ করে চালককে বাসটি নিয়ে র্যাবের ক্যাম্পে যেতে বাধ্য করেন। বাসটি আটকের পর তা ছাড়ানোর জন্য এই প্রতিবেদক জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বারবার কথা বলেন। এর পরও বাসটি ছেড়ে না দিয়ে র্যাবের ক্যাম্পে পাঠানো হয়। প্রথম আলোর প্রচার বিভাগ থেকে জানানো হয়, বাসটি রিকুইজিশনের কারণে সোমবার ও গতকাল মঙ্গলবার অতিরিক্ত টাকায় বাস ভাড়া করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পত্রিকা সরবরাহ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন বাসের মালিক ও শ্রমিকেরা অভিযোগ করেন, মানিকগঞ্জের পরিবহন শ্রমিকনেতারা নানা অজুহাতে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে তা রিকুইজিশন করেন। রিকুইজিশনের ভয় দেখিয়ে শ্রমিকনেতারা বিভিন্ন যানবাহন থেকে চাঁদাও আদায় করে থাকেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলেই ওই সব বাস রিকুইজিশন করে বিভিন্ন সংস্থার কাছে পাঠান এবং নানা হয়রানির মধ্যে ফেলেন। পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না। প্রথম আলোর পত্রিকাবাহী বাসটি রিকুইজিশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি ছিল কি না, জানতে চাইলে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. নূরুল ইসলাম বলেন, প্রথম আলোর পত্রিকাবাহী বাস কেন, সোমবার তাঁরা কোনো বাসই রিকুইজিশন করেননি। র্যাবের পক্ষ থেকে গাড়ি বা বাস রিকুইজিশনের কোনো চাহিদা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, রিকুইজিশনের প্রয়োজন হলে অবশ্যই বিষয়টি তাঁর (নূরুল ইসলাম) জানার কথা। র্যাবের পক্ষ থেকে এমন কোনো চাহিদা ছিল কি না, তা জানা নেই। এ ব্যাপারে মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ধরেই তাঁরা ট্রাফিক পুলিশের পাশাপাশি জনস্বার্থে ও সরকারি প্রয়োজনে বাস রিকুইজিশন করছেন। বিশেষ করে, সাভার র্যাব ক্যাম্পের জন্য তাঁরাই বাস রিকুইজিশন করেন। সেই ধারাবাহিকতায়ই সোমবার প্রথম আলোর পত্রিকাবাহী বাসটি রিকুইজিশন করে সাভার র্যাব ক্যাম্পে পাঠানো হয়।জানতে চাইলে মানিকগঞ্জের এনডিসি মো. কামরুল হাসান বলেন, যেসব প্রতিষ্ঠান বা সংস্থার যানবাহনের প্রয়োজন হবে, ওই সব সংস্থা বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবরে আবেদন করতে হবে। ওই আবেদন যাচাই-বাছাই করে সংগত কারণ থাকলে তবেই ওই সব সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য যানবাহন রিকুইজিশন করতে সংশ্লিষ্ট ট্রাফিক পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়। সরকারি এসব বিধানের কথা উপস্থাপন করা হলে মাসুদ রানা বলেন, আইন তো কতই আছে, সব আইন তো আর মানা সম্ভব নয়। আইন মেনে যানবাহন সেক্টর নিয়ন্ত্রণ করা যায় না। র্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাহিদুল করিম বলেন, সরকারি দায়িত্ব পালনের জন্য বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন প্রয়োজন হয়। এ জন্য মানিকগঞ্জের পরিবহন শ্রমিকনেতারা তিন দিন পরপর তিন দিনের জন্য একটি বাস দিয়ে থাকেন। সে ক্ষেত্রে গত সোমবার পাঠানো বাসটি প্রথম আলোর হয়ে থাকলে এর পরিবর্তে অন্য একটি বাস পাঠানো হলে এ বাসটি ছেড়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।