মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় গতকাল রোববার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। একই দিন সদর উপজেলায় ট্রাকের চাপায় এক নারী নিহত হন।
নিহত দুজন হলেন ঘিওরের ফুলহারা গ্রামের ফারুক হোসেন (২০) ও সদর উপজেলার বৌধুতি গ্রামের মমতাজ বেগম (৪৫)।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে বানিয়াজুরী-ঘিওর সড়কের বানিয়াজুরী এলাকায় ফারুকের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, বেলা ১১টার দিকে সদরের ভাড়ারিয়া এলাকায় হরিরামপুর-মানিকগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়েছিলেন মমতাজ বেগম। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।