মানিকগঞ্জে সন্ধ্যার পর মেলে না বাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার সন্ধ্যা। এলাকা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড। স্ত্রীকে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন সদরের দিঘি গ্রামের লাভলু মিয়া। উদ্দেশ্য অসুস্থ বাবাকে দেখতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে যাবেন। কিন্তু বাস আসেনি। ঘণ্টা খানেক অপেক্ষা শেষে বাড়ি ফিরে যান তিনি।

কথা হলে লাভলু মিয়া বলেন, ‘ফুসফুসে পানি জমায় আব্বারে হাসপাতালে ভর্তি করছি। অবস্থা খুব একটা ভালো না শুইন্যা হাসপাতালে যাইতেছিলাম। কিন্তু বাস না পাইয়া বাড়ি ফিরা যাইতাছি। কাল সকালে যামু।’

সন্ধ্যার পর মানিকগঞ্জ থেকে ঢাকায় যেতে লোকাল বাস না পেয়ে এ রকম ভোগান্তিতে পড়তে হয় জেলা সদরের যাত্রীদের। মানিকগঞ্জ থেকে ঢাকার গাবতলীর দূরত্ব ৫০ কিলোমিটার। আর গুলিস্তানের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। রাজধানীর কাছের জেলা মানিকগঞ্জ হলেও সন্ধ্যার পর ঢাকায় যেতে যাত্রীদের এভাবে ভোগান্তি পোহাতে হয়।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফারুক হোসেন বলেন, সন্ধ্যার পর লোকাল বাস না পেয়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কোনো কোনো যাত্রীকে ট্রাফিক পুলিশের সহায়তায় মাঝেমধ্যে দূলপাল্লার বাসে উঠিয়ে দেওয়া হয়। এটাও বিব্রতকর বিষয়।

জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতি সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ থেকে ঢাকায় যাত্রী পরিবহনে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন পরিবহনের সিটিং সার্ভিসের বাস রয়েছে। এগুলোর মধ্যে বিআরটিসির ৩৫টি, শুভযাত্রা পরিবহনের ৫৫টি, ভিলেজ লাইন পরিবহনের ১০৬টি ও পদ্মা লাইন পরিবহনের ৪৫টি বাস রয়েছে। এর মধ্যে বিআরটিসি ও শুভযাত্রা পরিবহনের বাস মানিকগঞ্জ থেকে গুলিস্তানে যাত্রী পরিবহন করে থাকে। অন্য পরিবহনের বাসগুলো ঢাকার গাবতলী পর্যন্ত যাত্রী পরিবহন করে। এসব সিটিং সার্ভিস ছাড়া রয়েছে যাত্রীসেবা, পল্লীসেবা ও নবীনবরণ পরিবহনের লোকাল বাস। এসব বাসে ঢাকা-আরিচা মহাসড়কের প্রতিটি বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামা করানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা কেন্দ্রীয় বাসটার্মিনালে গিয়ে টিকিট কাউন্টারগুলোতে তালা ঝুলতে দেখা যায়। এ সময় পাশে দাঁড়িয়ে ছিলেন একটি পরিবহনের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সুজন হোসেন। তিনি বলেন, ‘শুধু আমরা না, সব পরিবহনের টিকিট কাউন্টার সন্ধ্যার পরপরই বন্ধ রাখা হয়।’

জেলা শহরের খান বাহাদুর আওলাদ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ বলেন, ঢাকার উদ্দেশে একমাত্র শুভযাত্রা পরিবহন জেলা শহর (মানিকগঞ্জ বাসস্ট্যান্ড) থেকে সরাসরি ছেড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে বিআরটিসি ও পদ্মা লাইন এবং দৌলতপুর ও ঘিওর উপজেলা সদর থেকে ভিলেজ লাইন যাত্রী বোঝাই করে জেলা সদরে আসে। এসব বাসে আসন না থাকায় জেলা সদরের যাত্রীদের অধিকাংশ সময় দাঁড়িয়ে ঢাকায় যাতায়াত করতে হয়। জেলা সদর থেকে ঢাকায় শুভযাত্রা বাদে আর কোনো সরাসরি পরিবহনসেবা নেই। তাই এখানকার যাত্রীদের ভোগান্তিও সীমাহীন।

দেশের অন্যান্য জেলায় যাত্রীকল্যাণ সমিতি থাকলেও মানিকগঞ্জে এর কোনো কমিটি নেই। তবে যাত্রীদের সুযোগ-সুবিধা নিয়ে বিভিন্ন সময়ে সভা, সেমিনার, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে স্থানীয় বিভিন্ন সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা। এর মধ্যে স্থানীয় পরিবেশবাদী সংস্থা স্যাকের নির্বাহী পরিচালক দীপক কুমার ঘোষ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায় বলেন, জেলার বাসগুলোর যাত্রীসেবার মান খুবই নিম্নমানের। এসব বাস সিটিং সার্ভিস হলেও মহাসড়কের প্রায় প্রতিটি স্টপেজে যাত্রী ওঠানামা করানো হয়। এ কারণে মানিকগঞ্জ থেকে ঢাকায় যেতে সময়ও দ্বিগুণ লাগছে।

সন্ধ্যার পর জেলা শহর থেকে ঢাকায় লোকাল বাস চলাচল না করার কথা স্বীকার করেন মানিকগঞ্জ বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনায়েত হোসেন। তিনি বলেন, সন্ধ্যার পর ঢাকার খুব একটা যাত্রী পাওয়া যায় না। যে কজন যাত্রী হয়, তা দিয়ে বাসের তেলের খরচ ওঠানো দায়। জেলা সদর থেকে ঢাকায় বাস সার্ভিসের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হবে।

জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, বিষয়টি নিয়ে বাস মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমেই যাত্রীদের এসব সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।