মানিকগঞ্জে সর্বহারা পরিচয়ে চিকিৎসকদের কাছে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বহারা দলের নেতা পরিচয়ে মানিকগঞ্জে কয়েকজন চিকিৎসকের কাছে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। চাঁদা না দিলে তাঁদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে মানিকগঞ্জে স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু হুমকিদাতাদের কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। চিকিৎসকেরা জানান, সর্বহারা দলের নেতা পরিচয়ে গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ আলম, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুদ্দিন আহামেঞ্চদ, সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল হক, হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মানষ কুণ্ড ও মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক মঞ্জুরুল কবীরের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। চাঁদা না দিলে তাঁদের সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়। সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসক শাহ্ আলমের মুঠোফোনে কল করে এক ব্যক্তি নিজেকে সর্বহারা দলের নেতা পরিচয় দিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করে। এর কিছুক্ষণ পর সাইফুদ্দিন আহামেঞ্চদের মুঠোফোনে কল করে সর্বহারা দলের পরিচয়ে এক ব্যক্তি বলে, তাদের অনেক টাকার দরকার। টাকা না দিলে তাঁর ছেলেকে ধরে নিয়ে হত্যা করা হবে। একই দিন একইভাবে অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকের মুঠোফোনে কল করে চাঁদা দাবি করা হয়। অন্যথায় তাঁদের সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়। এর পর থেকে জেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসক শাহ্ আলম ও সাইফুদ্দিন আহামেঞ্চদসহ অন্যরা বলেন, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে তাঁরা পরিবার-পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, চিকিৎসক সাইফুদ্দিন আহামেঞ্চদ গতকাল শনিবার এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, প্রযুক্তির সহায়তা নিয়ে হুমকিদাতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসক শাহ্ আলমকে মুঠোফোনে হুমকি দেওয়ার কথা আমি লোক মুখে শুনেছি। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’