মানিকগঞ্জে সাত দোকান ও এক বাড়ি পুড়েছে
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাজারের সাতটি দোকান ও গ্রামের একটি বাড়ি পুড়ে গেছে। দুটি ঘটনাই ঘটেছে গত মঙ্গলবার রাতে।ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুন মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে চারটি কাঠের ফার্নিচারের দোকানসহ সাতটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভোর চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা দাবি করেছেন, আগুনে তাঁদের ২২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এর আগে মঙ্গলবার রাত আটটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা গ্রামে অপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ইদ্রিস খানের বাড়ির একটি ঘর পুড়ে যায়। আগুনে তাঁর (ইদ্রিস) পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে দুটি ঘটনায় আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।