মানিকগঞ্জে সাহিত্যবিষয়ক পত্রিকার মোড়ক উন্মোচন
মানিকগঞ্জ থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা বিচ্ছুরণ-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় সৌরভ খেলাঘর আসর মিলনায়তনে এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল চারটার দিকে অনুষ্ঠানে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক সংগঠক ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এ সময় বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ঊর্মিলা রায়, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা শাখার সভাপতি শ্যামল কুমার সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায়, তরুণ লেখক পঙ্কজ পাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন বিচ্ছুরণ-এর সম্পাদক এম আর লিটন ও নির্বাহী সম্পাদক সাবরিনা সুলতানা।
এম আর লিটন বলেন, ১৬ পৃষ্ঠার এই মাসিক পত্রিকায় সাহিত্যের বিভিন্ন বিষয়, যেমন, ছোটগল্প, প্রবন্ধ ও কবিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজের নানা সমস্যা ও সমাধানের পথ নিয়ে থাকবে প্রতিবেদন। ১ মে থেকেই এটি সংগ্রহ করা যাবে।