মানিকগঞ্জে সাড়ে ছয় মাসে কোটি টাকার মাদক উদ্ধার
মানিকগঞ্জে বিশেষ অভিযানে গত সাড়ে ছয় মাসে এক কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এসব অভিযানে ছয়টি অবৈধ পিস্তলও উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে জেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গুলিসহ ছয়টি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়। এসব ঘটনায় জেলার সাতটি থানায় অস্ত্র আইনে ছয়টি মামলাসহ মোট ৯৯৯টি মামলা হয়েছে।
পুলিশের হিসাব অনুযায়ী, এসব অভিযানে প্রায় ৭ হাজার ইয়াবা বড়ি, ১০৪ গ্রাম হেরোইন, ১০৯ কেজি গাঁজা, ১৬০ লিটার চোলাই মদ, ৩৪১ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৫০৫টি অ্যাম্পুল, ৪টি সোনার বার (৪০ ভরি) এবং ৩টি ম্যাগাজিন, ৯টি গুলিসহ ৬টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ১ কোটি ১৫ লাখ টাকা। এসব মামলায় ১ হাজার ৬০১ জন আসামির মধ্যে ১ হাজার ২৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলায় ১ হাজার ৮০০ মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। এসব ব্যবসায়ীর মধ্যে কেউ কেউ নিজে মাদক সেবন করেন এবং মাদক সেবনের টাকা জোগানোর জন্য তা বিক্রিও করেন। বাকিরা মাদকের বড় ব্যবসায়ী। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের অনেকেই গ্রেপ্তারের পর আইনের ফাঁকফোকরের মাধ্যমে আদালত থেকে জামিন নিয়ে পুনরায় মাদক ব্যবসায় নেমে পড়েন। কোনো কোনো মাদক ব্যবসায়ীকে পাঁচবারও গ্রেপ্তার করা হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানতিনি।