মানিকগঞ্জে সেই মাদকাসক্তের এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে তিন স্কুলশিক্ষিকার ওপর হামলাকারী মাদকাসক্ত সেই বখাটে যুবক কালা মিয়াকে মাদক রাখার অপরাধে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এদিকে আহত স্কুলশিক্ষক মেহনাজ তানিয়ার বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলায় কালার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চকমকিমপুর এলাকা থেকে কালা মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিবানী ভট্টাচার্য মঙ্গলবার রাতেই তাঁকে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।গত সোমবার বিকেলে কালা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক মেহনাজ তানিয়াকে বঁটি দিয়ে কোপাতে থাকেন। ওই বিদ্যালয়ের শিক্ষক আফরোজা পারভীন ও ডেইজী আক্তার তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে কালা মিয়া তাঁদেরও কুপিয়ে গুরুতর জখম করেন।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, হত্যাচেষ্টার অভিযোগে করা মামলা স্বাভাবিক নিয়মে চলবে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হবে।