মানিকগঞ্জে স্কুলছাত্রী ও গাজীপুরে বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে এক বৃদ্ধা এবং মানিকগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতের ওই ঘটনায় গতকাল রোববার পর্যন্ত দুজনকে গ্রেপ্তার ও চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর সদর উপজেলার নান্দুয়াইন গ্রামের মৃত মোছলেম উদ্দিনের স্ত্রী জয়মন নেছা (৭০) এবং মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ গ্রামের সাহেদ আলীর মেয়ে সীমা আক্তার (১১)। সীমা বরাইদ দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ত। শিশুটির স্বজনদের অভিযোগ, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
নান্দুয়াইন গ্রামের বাসিন্দা ও পুলিশ জানায়, বৃদ্ধা জয়মন নেছা গত শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে থাকেন। ওই রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করে। গতকাল সকালে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বিছানার ওপর ওই বৃদ্ধার লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বৃদ্ধার ছেলে জাহাঙ্গীর আলম, মো. শাহজাহান মিয়াসহ চারজনকে আটক করে।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ওই বৃদ্ধা ছেলে শাহজাহানকে বেশি ভালোবাসতেন। সম্প্রতি তিনি শাহজাহানকে কিছু জমি লিখে দেন। এ নিয়ে বৃদ্ধার সঙ্গে অন্য ছেলে জাহাঙ্গীরের বিরোধ দেখা দেয়। গত শুক্রবার এ নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে বৃদ্ধা জয়মন ও শাহজাহানের বাগিবতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, এর জেরেই ওই হত্যাকাণ্ড হয়েছে।
এদিকে নিহত সীমার স্বজন ও স্থানীয় লোকজন জানান, গৃহহীন পরিবারের জন্য ১৯৯৮ সালে সাটুরিয়ার বরাইদ গ্রামে একটি আবাসন এলাকা গড়ে তোলে সরকার। দিনমজুর সাহেদ আলী স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ওই আবাসনের একটি ঘরে থাকতেন। গত শনিবার বিকেলে সীমাকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে ওই আবাসনের একটি পরিত্যক্ত ঘরে বিবস্ত্র অবস্থায় সীমার লাশ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। এ সময় শিশুটির গলায় রশি প্যাঁচানোর দাগ ছিল। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল সকালে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
সাটুরিয়া থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, শিশুটিকে ধর্ষণের কিছুটা আলামত পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া স্পষ্ট করে বলা যাচ্ছে না। এ ব্যাপারে মেয়েটির বাবা মামলা করলে আসামি হাসান মিয়া (২৬) ও বারেককে (২৮) গ্রেপ্তার করা হয়।