মানিকগঞ্জে স্কুলছাত্রী যৌন নিপীড়নের শিকার
প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ এক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার চকিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য ঘরে তালা দেওয়ার সময় এলাকার বখাটে যুবক লোকমান মেয়েটিকে একা পেয়ে ধরে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে লোকমান পালিয়ে যায়। এ ব্যাপারে মেয়েটির পরিবারের পক্ষ থেকে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।এলাকাবাসী জানায়, বছর তিনেক আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মেয়েটির বাবা মারা যান। বছর দুয়েক আগে তার মা চাকরি নিয়ে লেবাননে যাওয়ার সময় মেয়েকে মামার বাড়ি রেখে যান। মামার বাড়িতে থেকেই মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করত। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায় প্রতিদিনই লোকমান তাকে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার সুযোগ বুঝে তাকে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে লোকমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি ইভ টিজিংয়ের পর্যায় পড়ে। এ কারণে অভিযুক্তকে গ্রেপ্তার করে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে।