মানিকগঞ্জে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার থেকে গতকাল বৃহস্পতিবার দিপু মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।দিপু মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং স্থানীয় গুরকি গ্রামের হারান বেপারির ছেলে।পুলিশ ও বিদ্যালয় সূত্রের ভাষ্যমতে, গতকাল দুপুর দুইটার পর ক্লাস করার সময় এক শিক্ষককে অসুস্থতার কথা জানিয়ে বাড়ি যাবে বলে জানায় দিপু। এর আধা ঘণ্টা পর একজন শিক্ষার্থী বিদ্যালয়ের শৌচাগারে গিয়ে দিপুর ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেজবাউল হক বলেন, দিপু মিয়া আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভারানী চক্রবর্তী বলেন, ‘দিপু অনিয়মিত শিক্ষার্থী ছিল। তবে সে ছিল খুব শান্ত প্রকৃতির।’মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল বলেন, দিপু গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা, তা তদন্তের পর বোঝা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।