মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সার্জেন্ট নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল সোমবার একটি কাভার্ড ভ্যানের চাপায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. হারুনুর রশিদ (৩৭)। তিনি বিমানবাহিনীর সরবরাহ সহকারী সার্জেন্ট ছিলেন। তিনি যশোরের চৌগাছা উপজেলার বুরুন্ডী গ্রামের রবিউল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে একটি মোটরসাইকেলে করে হারুনুর রশিদ ঢাকা থেকে যশোরের গ্রামের বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী এলাকায় পৌঁছালে মালবোঝাই একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের ছোট ভাই ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, হারুনুর রশিদ ঢাকার এক আত্মীয়র বাসা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক কাভার্ড ভ্যানের চালক বকতিয়ার হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।