মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। চলন্ত অবস্থায় চালক মুঠোফোনে কথা বলার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা থেকে সোহেলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। গতকাল সকাল সাতটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় গুডলাক সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে পুলিশ ও এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীরা অভিযোগ করে বলেন, বাস চালানোর সময় চালক মুঠোফোনে কথা বলার কারণে এ ঘটনা ঘটেছে।