মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রী আহত হয়।নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার রুনু আক্তার (৩০), সামেলা বেগম (৬০) ও লতিফা বেগম (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে ঢাকার গাবতলী থেকে একটি বাস হরিরামপুর উপজেলার ঝিটকার উদ্দেশে ছেড়ে আসে। বিকেল পাঁচটার দিকে মহাসড়কের জাগীর এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুনু আক্তার নিহত হন। মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে সামেলা বেগম মারা যান। হাসপাতালে ভর্তির পর মারা যান লতিফা বেগম। দুর্ঘটনায় আহত চার যাত্রীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।