মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় আজ সোমবার সকালে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে বাহারুল ইসলাম (২২) ও শিবালয় নতুনপাড়া গ্রামের সুমন মিয়া (২০)। এ ছাড়া একই উপজেলার অন্বয়পুর গ্রামের সফিউদ্দিনের ছেলে ওয়াকিল আহম্মেদ (২৩) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, আজ সকালে পয়লা বৈশাখে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন বাহারুল। বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকায় পাটুরিয়াগামী সূর্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক বাহারুল ও সুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ওয়াকিলকে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) নাজমুল আহসান প্রথম আলো কে বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।