মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকায় গত মঙ্গলবার রাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী।
আহত ব্যক্তিদের মধ্যে ২৮ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের মধ্যে ২২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
নিহত ব্যক্তিরা হলেন বাসযাত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাগজোর গ্রামের সুমন ব্যাপারি (২৮), একই উপজেলার সুপারভাইজার নজরুল হাওলাদার (৪০) এবং মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সন্ধ্যাদিয়া গ্রামের ভবরঞ্জন রায়ের স্ত্রী আনজু রায় (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকার গাবতলী থেকে ঈগল পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশে রওনা হয়। রাত একটার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকার একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, বাসটি জব্দ করে জেলা পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।