মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেলে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছে ওই বাসের অন্তত ২০ জন যাত্রী।
আজই পাবনার সাঁথিয়ায় এক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়। ওই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়।
মানিকগঞ্জের দুর্ঘটনায় নিহত তিনজনেরই পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ওই বাসের চালক ও রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের মনসুর আলী (৪৫), ফরিদপুর সদর উপজেলার আড়োয়াডাঙ্গি গ্রামের আব্দুস সোবহান আকন্দ (৫৫), জেলার আলফাডাঙা উপজেলার পাড়াগ্রাম গ্রামের আব্দুল আলীম মোল্লা (৬০)।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে নদী পার হয়ে সাউদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে বেলা সোয়া তিনটার দিকে উথলী-পাটুরিয়া সড়কের আড়পাড়া এলাকায় সড়কে মোড় অতিক্রম করার সময় দ্রুতগতির বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মনসুর ও এক যাত্রী নিহত হন। এর পর মুমূর্ষু অবস্থায় অপর এক যাত্রীকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ওই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় তিনজনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে শিবালয়ের বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মাসুদ রানা বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত লোকজনকে হাসপাতালে নিয়ে যায়। এরপর দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।