মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।নিহত ব্যক্তিরা হলেন নুরুল হক (৩৮), তাঁর ভগ্নিপতি আবদুর রাজ্জাক (৩৮) ও ভাগনে সুজন শেখ (১০)। তাঁদের সবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার দিকনগর গ্রামে।সূত্র জানায়, গতকাল সকালে দুবাই ফেরত বড় ভাই বজলুর রহমানকে আনতে নুরুল হক ভগ্নিপতি লাল মিয়া ও আবদুর রাজ্জাক এবং ভাগনে রফিকুল ইসলাম ও সুজন শেখকে নিয়ে মাইক্রোবাসযোগে ফরিদপুর থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে তাঁরা মুলজান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।সূত্র জানায়, নুরুল ও রাজ্জাক ঘটনাস্থলে এবং সুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দুর্ঘটনায় লাল মিয়া (৫০), রফিকুল ইসলাম (১৬) ও মাইক্রোবাসের চালক মনিরুল আলম (৩২) আহত হন। তাঁদের প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে মনিরুল ও লাল মিয়াকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রফিকুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে, ট্রাকটি ‘রং সাইড’ দিয়ে যাচ্ছিল। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার এবং ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।