মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীগঞ্জ গ্রামের আবুল কালাম (৬০), বাইনতলা গ্রামের আবদুল ওহাব (৬২) ও পূর্ব মধুখালী গ্রামের মুফতি সাইফুল্লাহ। আবদুল ওহাব উপজেলার বোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। মুফতি সাইফুল্লাহ স্থানীয় বাদুরতলী গ্রামের জামে মসজিদের ইমাম ছিলেন। আবুল কালাম কৃষিকাজ করতেন। তাঁরা টঙ্গী থেকে জোড় ইজতেমা শেষে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ইজতেমা শেষে ইসলাম পরিবহনের একটি বাসে করে পটুয়াখালী জেলার ৪৬ জন মুসল্লি বাড়ি ফিরছিলেন। রাত সোয়া ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম মারা যান। মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রাতেই আবদুল ওহাব এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাইফুল্লাহ প্রাণ হারান। আহত ৩৫ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। ভাটবাউর এলাকা গোলড়া হাইওয়ে থানার অধীন। এ থানার ওসি নূরুল আলম বলেন এ ঘটনায় মামলা হয়েছে।