মানিকগঞ্জে সড়কের বর্ধিত অংশ দেবে ভোগান্তি

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে খালপাড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা হয়েছে। তবে বর্ধিত এ অংশ দেবে যাওয়ায় সড়কের ওই স্থান দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কটিতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হয়। জেলা শহর থেকে এ আঞ্চলিক মহাসড়ক হয়ে ঢাকায় যাতায়াত সহজ। এদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-খালপাড়-বেউথা সড়কটি সরু হওয়ায় যানজটে পড়ে চলাচলকারী ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হয়। এসব কারণে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শহরের বেউথা পর্যন্ত দুই লেনের সড়কটিকে চার লেনে উন্নীত করা জরুরি হয়ে পড়ে। তাই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে খালপাড় পর্যন্ত চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় গত বছরের ১৭ জুন। একই বছরের ১৩ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় ৫ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি চার লেনে উন্নীত করা হয়। চলতি বছরের ৩০ জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মে মাসেই কাজ সম্পন্ন করা হয়। হোসেন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করে। সড়কটি চার লেনে উন্নীত করতে পশ্চিম পাশের জলাশয় ভরাট ও সড়কের পাশের বেশ কয়েকটি গাছও কাটা হয়। তবে কাজ শেষ হওয়ার আগেই যান চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়। মাঝখানে সড়ক বিভাজক ছাড়া দুই পাশের সড়কের প্রতিটির প্রস্থ দাঁড়ায় সাত মিটার। এতে যানজট অনেকটা নিরসন হয়। তবে গত বন্যায় সড়কটির পশ্চিম পাশের বর্ধিত অংশের প্রায় ৩৫০ মিটার দেবে গিয়ে ওই অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ওই অংশে বালুর বস্তা ফেলে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে দুই মাস ধরে জেলা শহরের প্রধান সড়কটির পশ্চিম অংশে যান চলাচলে সমস্যা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সরকারি পলিটেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে থেকে সওজের নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত সড়কটির পশ্চিম অংশে বালুর বস্তা ফেলে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই অংশে ধসে যাওয়া ইটগুলো সড়কে ফেলে রাখায় এটি সরু হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এ সড়ক ব্যবহারকারী যাত্রী ও যানবাহনের চালকেরা।
ব্যাটারিচালিত অটোরিকশার (হ্যালোবাইক) চালক উজ্জ্বল হোসেন, টেম্পোচালক লোকমান হোসেন, পল্লীসেবা পরিবহনের বাসের চালক ফরিদ উদ্দিন এবং অন্তত পাঁচজন যাত্রী বলেন, সড়কের পাশে জলাশয়ের বেশ কিছু অংশ ভরাট করে সড়কটি চওড়া করা হয়। তবে সড়কের পশ্চিম পাশের বর্ধিত অংশ ভরাট করার পর বাঁধ না দেওয়ায় মাটি সরে দেবে গেছে। এ কারণে সড়কটি পশ্চিম অংশ আগের মতো সরু হয়ে গেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত যানবাহনের চাপ বেশি থাকায় যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হয়। মাঝেমধ্যে যানজটেরও সৃষ্টি হচ্ছে।
ঠিকাদার প্রতিষ্ঠান হোসেন এন্টারপ্রাইজের মালিক আকতার হোসেন বলেন, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ খরচে মাটি ভরাট ও কার্পেটিং করে শিগগিরই তা মেরামত করা হবে।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. গাউস-উল-হাসান মারুফ প্রথম আলোকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মাটি আটকে রাখার জন্য সড়কের পাশে সিসি ঢালাই করা প্রয়োজন।