মানিকগঞ্জে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে হত্যার দায়ে নূরুল ইসলাম নামের একজনকে গতকাল রোববার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর। একই দিন গাজীপুরে হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন সাজা দেন জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।
নূরুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামের হযরত আলীর ছেলে। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাফাটিয়া গ্রামে বসতভিটার সীমানা নিয়ে প্রতিবেশী আয়নাল হোসেনের সঙ্গে নূরুল ইসলামের বিরোধ ছিল। ২০০৮ সালের ৩ অক্টোবর বিরোধের জের ধরে রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আয়নালকে হত্যা করেন নূরুল ইসলাম। এ ঘটনায় ওই দিনই আয়নালের বাবা কফিল উদ্দিন সদর থানায় মামলা করেন। এতে নূরুল ইসলাম ও তাঁর বাবা হযরত আলী, প্রতিবেশী আক্কাস আলী, সামছুদ্দিন ও বিমলা খাতুনকে আসামি করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষীদের দেওয়া সাক্ষ্যে নূরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক গতকাল তাঁকে ফাঁসির আদেশ দেন। রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মথুরনাথ সরকার ও আসামিপক্ষে আনোয়ার হোসেন মামলা পরিচালনা করেন।
মথুরনাথ সরকার বলেন, মামলার অন্য চার আসামির মধ্যে আক্কাস আলী মারা গেছেন। আর আসামি হযরত আলী, সামছুদ্দিন ও বিমলা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।
এদিকে গাজীপুরে দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার রুবেল শামা (২৬)। রুবেল পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ নভেম্বর শ্রীপুর থানার ভাংনাহাটি গ্রামে আবদুস সোবহানের বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে কয়েকজন ডাকাত। এ সময় ডাকাতেরা সোবহানের ভাতিজা মোস্তফা কামালের গলায় ধারালো ছোরা ধরে। তাঁর চিৎকারে লোকজন ধাওয়া করলে ডাকাতেরা পালানোর সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের বিকট শব্দে মোস্তফা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। ডাকাতদের হামলায় সোবহানের বড় ভাই সিদ্দিকুর রহমান আহত হন। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোস্তফার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করেন সোবহান।
পরে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অচিন্ত্য দেবনাথ আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালে ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে আদালতে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।