মানিকগঞ্জে হয়ে গেল গণসংগীত উৎসব
‘যতক্ষণ আছে প্রাণ, জাগো নিত্য যৌবনে নব বিপ্লবে’—এই প্রতিপাদ্যে গতকাল শুক্রবার মানিকগঞ্জে দিনব্যাপী গণসংগীত উৎসবের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ।
উৎসবে গণসংগীতের নানা দিক নিয়ে আলোচনা ও শিল্পীদের প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে গণসংগীত শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় প্রশিক্ষণ কর্মশালা। ৫০ জনেরও বেশি শিল্পী এতে অংশ নেন। উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী, গবেষক ও সংগ্রাহক শুভেন্দু মাইতি উৎসবে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় জেলা শহরের বিজয়মেলা মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভার আয়োজন করা হয়।
গাজী ওয়াজেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তামসী রায় চৌধুরী, দীপঙ্কর গৌতম, সমরেশ মণ্ডল, শ্যামল কর্মকার। পরে শহীদ মিনার পাদদেশে শিল্পীদের অংশগ্রহণে গণসংগীত পরিবেশন করা হয়। উপস্থিত কয়েক শ দর্শক গণসংগীত উপভোগ করেন।