মানিকগঞ্জে হামলায় পাঁচ সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল রোববার দুপুরে এক ‘সাংবাদিকের’ নেতৃত্বে সন্ত্রাসীরা জেলার পাঁচ সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। এতে সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীর ডান হাতের কবজি ভেঙে গেছে। অন্য চার সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সভা করে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নূরতাজ আলম বলেন, দৈনিক সরেজমিন-এর মানিকগঞ্জ ব্যুরোপ্রধান আনিছুর রহমান জেলা আওয়ামী লীগের জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ সরকারের অনুমতি ছাড়া তাঁর একটি ছবিসহ বিজ্ঞাপন সরেজমিন পত্রিকায় ছাপান। এ জন্য দুই হাজার টাকা দাবি করেন আনিছুর। সুভাষ সরকার বিষয়টি ১৬ এপ্রিল লিখিতভাবে মানিকগঞ্জ প্রেসক্লাবকে জানান। এ ব্যাপারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনিছুরের কাছে জানতে চাইলে তিনি মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক কালের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল দুপুর ১২টার চা পান করছিলেন সাব্বিরুল, বিপ্লবসহ অন্য সাংবাদিকেরা। হঠাৎ করে আনিছুরের নেতৃত্বে চন্দন, সোহেল ও মিলনসহ ৫০-৬০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে বিপ্লবের ওপর হামলা চালান। তাঁকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হন সাব্বিরুল, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মঞ্জুর রহমান ও প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন। পরে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত বিপ্লবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চার সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক পঙ্কজ কুমার মজুমদার বলেন, বিপ্লবের ডান হাতের কবজি ভেঙে গেছে। তাঁকে এক মাস বিশ্রামে থাকতে হবে।আওয়ামী লীগের নেতা সুভাষ সরকার বলেন, ‘আনিছুর বিনা অনুমতিতে আমার একটি বিজ্ঞাপন ছাপিয়ে টাকা দাবি করে আসছিলেন। বিষয়টি সাংবাদিক নেতাদের জানানোয় আনিছুর ক্ষুব্ধ হন।’আনিছুর টাকা চাওয়ার বিষয়টি স্বীকার করলেও হামলার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আনিছুর রহমানসহ অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন বিপ্লব চক্রবর্তী। তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।