মানিকগঞ্জে ২৫ জনকে ঘাতক-দালাল চিহ্নিত করে তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখা গতকাল বৃহস্পতিবার স্থানীয় ২৫ জনকে ঘাতক ও দালাল হিসেবে চিহ্নিত করে একটি তালিকা প্রকাশ করেছে।তালিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীসহ স্থানীয় গোলজার হোসেন, দোয়াত আলী, আতাউর রহমান ওরফে আতা উকিল ও সিরাজ মিয়ার নাম রয়েছে।গতকাল বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনের শহীদ রফিক সড়কে মানববন্ধন কর্মসূচির পর ওই তালিকা সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়। মানববন্ধনে ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন খান, সাংগঠনিক সম্পাদক দীপক ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বক্তব্য দেন।’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ শাখার আহ্বায়ক কমিটির (প্রস্তাবিত) সদস্য সচিব সাখাওয়াত হোসাইন খান সাংবাদিকদের বলেন, ‘আমরা আংশিক তালিকা প্রকাশ করেছি। এঁরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছেন। এঁদের কয়েকজন হত্যা, ধর্ষণ ও লুটপাটের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।’