মানিকগঞ্জে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা) আসনে ১৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ওই সব কেন্দ্র ছাড়াও প্রতিটি কেন্দ্রের আশপাশে যৌথ বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) মো. মাহবুব আলম।
জেলা গোয়েন্দা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে ইতিমধ্যে দুটি আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক ও মমতাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কাল রোববারের নির্বাচন হবে শুধু মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা) আসনে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাসদের প্রার্থী আফজাল হোসেন খান।
ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা মিলে এই আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৬৪টি। এর মধ্যে দৌলতপুর উপজেলায় ৩৪টি ও শিবালয়ের তিনটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ও গোয়েন্দা কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রের মধ্যে দৌলতপুর চরাঞ্চলে নয়টি ও শিবালয়ের চরাঞ্চলে তিনটি কেন্দ্র রয়েছে।