মানিকগঞ্জে এ বছর কাঁচা মরিচের ব্যাপক আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। এসব মরিচ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বিদেশেও যাচ্ছে এ জেলার কাঁচা মরিচ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মরিচ চাষের জন্য বেলে-দোআঁশ মাটি বেশ উপযোগী। এ কারণে জেলার শিবালয়, হরিরামপুর, দৌলতপুর ও ঘিওর উপজেলায় মরিচের চাষ ব্যাপক হয়। গত বছর জেলায় ৫ হাজার ৯০১ হেক্টর জমিতে এর আবাদ করা হয়েছিল। এতে উৎপাদিত হয় ৪৪ হাজার ২৫৫ মেট্রিক টন মরিচ। এ বছর ৭ হাজার ১০০ হেক্টর জমিতে মরিচের আবাদ করা হয়েছে। উৎপাদিত হয়েছে ৫৬ হাজার ৮০০ মেট্রিক টন। এখানে বিন্দু মরিচের আবাদ হয়ে থাকে। এর আবার দুটি জাত আছে—সবুজ বিন্দু ও কালো বিন্দু। কালো বিন্দু দৌলতপুর এবং অন্যান্য উপজেলায় সবুজ বিন্দুর আবাদ বেশি হয়।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম থেকেই তাঁরা জমিতে মরিচের চারা রোপণ করেন। দেড় মাস পর গাছ থেকে মরিচ তোলা শুরু হয়। বিন্দু মরিচের ঝাল সাধারণত একটু বেশি। মান ও স্বাদেও অনন্য। শিবালয়ের বরঙ্গাইল ও হরিরামপুরের ঝিটকায় মরিচের বড় হাট বসে।
গত মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বরঙ্গাইল হাটে গিয়ে দেখা যায়, রিকশাভ্যান, ঘোড়ার গাড়ি, হিউম্যান হলার ও ছোট পিকআপ ভ্যান, এমনকি সাইকেলে করে বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা হাটে মরিচ নিয়ে আসছেন। তাঁদের কাছ থেকে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কিনে এসব মরিচ রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। কোনো কোনো বড় ব্যবসায়ী এই হাট থেকে মরিচ কিনে কাতার, সৌদি আরব, বাহরাইন ও দুবাইয়ে পাঠাচ্ছেন। এ জন্য হাটেই বিশেষভাবে মরিচ প্যাকেটজাত করা হচ্ছে।
এ সময় কথা হয় ঢাকার পাইকারি ব্যবসায়ী নজরুল ইসলামের প্রতিনিধি সেদু মিয়ার সঙ্গে। তিনি বলেন, এই হাট থেকে ১০ মে তিন টন কাঁচা মরিচ কেনা হয়। প্যাকেটজাত করার পর ট্রাকে করে সেগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। এরপর বিমানে করে কুয়েতে পাঠানো হয়।
অপর একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হান্নান মিয়া বলেন, তিনিও এই হাট থেকে সাড়ে তিন টন মরিচ কিনেছেন। কার্টনে ভরে সেগুলো বিমানে করে সৌদির রিয়াদে পাঠানো হবে।
হাটে মরিচ বিক্রি করতে আসা ঘিওরের শোলধারা গ্রামের কৃষক খন্দকার আবদুল আহাদ বলেন, প্রতি মণ মরিচ উৎপাদনে ৬০০ থেকে ৬৫০ টাকা খরচ হয়েছে। প্রতি মণ মরিচ ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন। তিনি ইতিমধ্যে সাত মণ মরিচ বিক্রি করেছেন।
শিবালয়ের বনগ্রাম গ্রামের কৃষক আবদুল আলী বলেন, গত বছর তিনি দুই বিঘা জমিতে মরিচের আবাদ করেছিলেন। লাভ ভালো হওয়ায় এবার তিনি তিন বিঘা জমিতে মরিচের চারা রোপণ করেছেন। তবে এ বছর প্রচণ্ড খরায় জমিতে কিছু কিছু মরিচের গাছ মারা গেছে। তবু তিনি লাভের আশা করছেন। তিনিও সাত মণ মরিচ বিক্রি করেছেন।
সাধন কুমার হোড় নামের এক আড়তদার বলেন, কাঁচা মরিচের নির্দিষ্ট কোনো দাম নেই। দুই দিন আগে তিনি প্রতি মণ ১ হাজার ২০০ টাকা করে কিনেছেন। গতকাল তিনি প্রতি মণ ১ হাজার টাকায় কিনছেন। তবে এবার কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান মিয়া বলেন, মানিকগঞ্জে উপযুক্ত মাটির কারণেই মরিচের ঝাল ও স্বাদ অনন্য হয়। আর তাই এখানকার মরিচের চাহিদাও বেশি। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে কৃষকেরা আরও লাভবান হবেন।