মানিকগঞ্জের দুই কলেজে ২৩ ‘ভুয়া শিক্ষার্থী’
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল এবং সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজে ভুয়া পরিচয়ে ভর্তি হওয়া ২৩ শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। কলেজের ভর্তিবইয়ে উল্লিখিত ঠিকানায় ওই সব শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি ফাঁস হওয়ার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিরা ভয়ে কলেজে আসা বন্ধ করে দিয়েছে। দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ভর্তিবই অনুযায়ী ২০০৯-১০ ও ২০১০-১১ শিক্ষাবর্ষে কলেজের মানবিক বিভাগে ভর্তি হওয়া ২১ শিক্ষার্থীর পরিচয়ে গরমিল আছে। এসব শিক্ষার্থী সাটুরিয়ার সাভার, আগসাভার, হামজা, বরাইদ, সালুয়াকান্দি, ভোয়া; দৌলতপুর উপজেলার পাঁচকলিয়া, আন্দিবাড়ী; টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পুখরিয়া ও ঘাগড়া গ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। তবে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, তাদের পরিচয় সঠিক নয়।দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আইনুন নাহার বলেন, ‘বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে উল্লিখিত শিক্ষার্থীদের শ্রেণীতে উপস্থিত পাওয়া যাচ্ছে না।’ কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘সংশ্লিষ্টরা নিয়মানুযায়ী সব কাগজপত্রই জমা দিয়েছে। তদন্ত ছাড়া এ ব্যাপারে নিশ্চিত কোনো মন্তব্য করা মুশকিল।’এদিকে ২০১০-১১ শিক্ষাবর্ষে সাটুরিয়ার সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজে মানবিক বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যেও দুই ভুয়া শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। তাঁরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাঝুটিয়া গ্রামের জাফর উল্যাহ ও মো. পিন্টু মিয়া। বিষয়টি ওই কলেজের এক শিক্ষকের নজরে এলে তিনি খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পর সাটুরিয়া থানা পুলিশকে জানান। পরে কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গত ১১ জুলাই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। সাটুরিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ভর্তি হওয়ার সময় পিন্টু মিয়া নিজেকে ‘নাজমুল হোসেন’ এবং জাফর উল্যাহ নিজেকে ‘সাব্বির হোসেন’ নামে পরিচয় দেন। আসলে নাজমুল হোসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুশুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আর আসল সাব্বির হোসেন নাগরপুরের ভালকুটিয়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সিরাজগঞ্জের চৌহালি ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অধিকাংশ মাদ্রাসাতেই শিক্ষার্থীর সংখ্যা কম। এসব প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন, অনুদান ও শিক্ষকের পদ ধরে রাখতে নিয়মানুযায়ী নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীর কোটা পূরণ করতেই কাগজে-কলমে ভুয়া শিক্ষার্থী দেখানো হয়। এমনকি তাদের রেজিস্ট্রেশনও করে রাখা হয়। পরে বিভিন্ন উচ্চবিদ্যালয়ের ঝরে পড়া শিক্ষার্থীরা ভুয়া নামে রেজিস্ট্রেশন করে রাখা শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণ হলে ওই নামেই কলেজে ভর্তি হয়। অনেক ক্ষেত্রে জাল নম্বরপত্র তৈরি করেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে তারা। সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভর্তিবই অনুযায়ী ২০০৯-১০ এবং ২০১০-১১ শিক্ষাবর্ষে মানবিক বিভাগে ভর্তি হওয়া ২১ জন শিক্ষার্থীর মধ্যে যারা বরাইদ ইউনিয়নের সাভার, আগসাভার, হামজা ও সালুয়াকান্দি গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছে তাদের কেউই ওই সব গ্রামের বাসিন্দা না। গ্রামগুলোতে এসব নামে কোনো শিক্ষার্থী নেই।সাটুরিয়ার ইউএনও সৈয়দ রবিউল ইসলাম বলেন, দরগ্রাম কলেজের ২১ শিক্ষার্থীর মধ্যে যারা সাটুরিয়া উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছে তাদের অভিভাবকদের সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী এদের ছয়জনের নামের সঙ্গে সাটুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামের ছয়জন অভিভাবকের নামের মিল রয়েছে। অপর দুজনের পরিচয় ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে।