মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আজিমনগর, লেছড়াগঞ্জ ও সূতালড়ি ইউনিয়ন। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় এই তিন চরাঞ্চলের সুবিধাজনক স্থান আজিমনগরের এনায়েতপুর বাজার এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার মাহফুজুর রহমান।
গতকাল রোববার কমিউনিটি পুলিশিংয়ের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। আজিমনগর ইউনিয়নের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হরিরামপুর থানা-পুলিশ এ সভার আয়োজন করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এস এ নেওয়াজী ও কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা শাখার সভাপতি লিয়াকত আলী খান বক্তব্য দেন। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় আজিমনগর, লেছড়াগঞ্জ ও সূতালড়ি—এই তিন চরাঞ্চলে মানুষের নিরাপত্তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।