মানিকগঞ্জের ধারারচক খালে জলকপাট স্থাপনের দাবি
একটি জলকপাটের (স্লুইসগেট) অভাবে মানিকগঞ্জ সদর উপজেলায় ধারারচক খালের পানি সংরক্ষণ করতে না পারায় স্থানীয় চারটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার একর ফসলি জমির চাষাবাদ ব্যাহত হচ্ছে।
সারা বছর সেচকাজের সুবিধার্থে ওই খালের সামনে কাটাখালীতে একটি জলকপাট স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কৃষিবিষয়ক সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক মতবিনিময় সভায় কৃষকেরা এই দাবি জানান।
সিঙ্গাইর উপজেলার বাঙ্গালাবাজারে গবেষণামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) স্থানীয় কৃষকদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে।
এতে কৃষক আসমান আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় কৃষক সংগঠন নবগ্রাম নবকৃষক ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন, বাঙ্গালা বন্ধন ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার মণ্ডল, বড়কালিয়াকৈর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আওলাদ হোসেন, বারসিকের কর্মসূচি কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস ও সহযোগী কর্মকর্তা মো. জাহিদ খান।
সভায় কৃষকেরা চাষাবাদ নিয়ে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কৃষকেরা জানান, জলবায়ুর পরিবর্তনের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রাকৃতিক পানির উৎসগুলো বিলুপ্ত হচ্ছে। এ কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ে জ্বালানি খরচ করে গভীর ও অগভীর নলকূপের পানি ব্যবহার করা হচ্ছে। নিয়ন্ত্রণহীন পানি ব্যবস্থাপনার জন্য সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বাইতরা, চান্দরা, এগারশ্রী ও কাস্তা; হাটিপাড়া ইউনিয়নের বরুণ্ডি ও নবগ্রাম; ভাড়ারিয়া ইউনিয়নের চৈল্যা ও বাঘিয়া এবং সিঙ্গাইর উপজেলার বলধরা ইউনিয়নের বড়কালিয়াকৈর ও বাঙ্গালা গ্রামের দুই হাজার কৃষক পরিবারের প্রায় পাঁচ হাজার একর আবাদি জমি রয়েছে। এসব আবাদি জমিতে চাষাবাদের জন্য পানির প্রাকৃতিক উৎস ধারারচক খাল।