মানিকগঞ্জের মরিচ যাচ্ছে বিদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে এ বছর মরিচের বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় কৃষকেরাও খুশি। এসব মরিচ রাজধানী ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় পাঠানো হচ্ছে। রপ্তানি করা হচ্ছে বিদেশেও।

কৃষি কর্মকর্তারা জানান, মরিচ চাষের জন্য বেলে দোআঁশ মাটি উত্তম। এ কারণে জেলার শিবালয়, হরিরামপুর ও ঘিওর উপজেলায় মরিচের ব্যাপকভাবে চাষ হয়। গত বছর জেলায় ৩৩৫ হেক্টর জমিতে ৩৩৬ মেট্রিক টন মরিচ উৎপাদন হয়। চলতি বছর ৩৬৫ হেক্টর জমিতে মরিচের আবাদ করা হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮০ মেট্রিক টন।

কৃষকেরা জানালেন, ফেব্রুয়ারি মাস থেকে তাঁরা চারা রোপণ করেন। দেড় মাস পর থেকে মরিচ তোলা শুরু হয়। স্থানীয়ভাবে এ মরিচকে বিন্দু মরিচ বলা হয়। এ মরিচের ঝাল সাধারণত একটু বেশি, স্বাদও ভালো।

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শিবালয়ের বরঙ্গাইলে মরিচের বড় হাট বসে। গত সোমবার ওই হাটে গিয়ে দেখা যায়, সাইকেল, রিকশা ভ্যান, ঘোড়ার গাড়ি, হিউম্যান হলার (মেক্সি) ও ছোট পিকআপে করে বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা মরিচ বিক্রির জন্য হাটে নিয়ে আসছেন। তাঁদের কাছ থেকে কিনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ঢাকার কারওয়ান বাজারসহ আশপাশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। ওই হাট থেকে মরিচ যাচ্ছে মালয়েশিয়া, কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এ জন্য হাটেই কার্টনে মরিচ ভরে বিশেষভাবে প্যাকেটজাত করা হচ্ছে। প্রতি কার্টনে পাঁচ কেজি করে মরিচ ভরা হয়। এর পর তা ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পাঠানো হয়।

কথা হয় মরিচ বিক্রি করতে আসা শিবালয়ের জুনিকালশা গ্রামের কৃষক শামছুল হকের সঙ্গে। জানালেন, দুই বিঘা জমিতে আবাদ করেছেন। প্রতি মণে খরচ হয়েছে ৬৫০ থেকে ৭০০ টাকা। প্রতি মণ এক হাজার ২০০ টাকা করে চার দফায় ১০ মণ মরিচ বিক্রি করেছেন।

ঘিওরের মাইলাগি গ্রামের জয়নাল মোল্লা এ বছর এক বিঘা জমিতে মরিচের চারা রোপণ করেছেন। সাত মণ মরিচ বিক্রি করেছেন আট হাজার ৫০০ টাকায়।

হরিরামপুর উপজেলার ঝিটকা গ্রামের সিদ্দিকুর রহমান জানান, এ বছর দুই বিঘা জমির মরিচ বিক্রি করেছেন। ফলন বেশি। দাম ভালো পাওয়ায় তিনি বেশ খুশি।

বরঙ্গাইল মরিচের হাট থেকে প্রতিদিন আট থেকে ১০ টন মরিচ বেচাকেনা হচ্ছে বলে জানালেন হাটের আড়তদার মো. খোকন মিয়া। বললেন, এর একটা বড় অংশ বিদেশে রপ্তানি করা হচ্ছে। তিনিও মালয়েশিয়া পাঠানোর জন্য তিন টন মরিচ কিনেছেন।

মো. ফরমান শেখ নামের আরেক আড়তদার জানান, তিনি ৩০ টাকা কেজি দরে এক টন মরিচ কিনেছেন। সেই মরিচ পাঠাবেন কুয়েতে। এতে তাঁর যাতায়াত ভাড়াসহ প্রতি কেজি মরিচে এক থেকে দুই টাকা লাভ হবে বলে জানান।

যোগাযোগ করা হলে মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মামুন-উর রশীদ প্রথম আলোকে বলেন, উপযুক্ত মাটির কারণে মানিকগঞ্জে মরিচের ব্যাপক আবাদ হয়। এখানকার মরিচের মান ভালো হওয়ায় চাহিদাও বেশি। তাই ব্যক্তিগতভাবে এ মরিচ দেশের বাইরেও রপ্তানি করা হচ্ছে। এ ব্যাপারে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে কৃষকেরা আরও লাভবান হবেন বলে তিনি মনে করেন।