মানিকগঞ্জের সিঙ্গাইরে গৃহবধূসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তেলিখোলা ও বায়রা গ্রামে গত শনিবার রাতে পৃথক ঘটনায় এক গৃহবধূসহ দুজন খুন হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।সূত্র জানায়, তেলিখোলা গ্রামের মজিবুর রহমান বেশ কিছুদিন ধরে স্ত্রী শিল্পী আক্তারকে (২৪) যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। শনিবার রাতে এ নিয়ে শিল্পীর সঙ্গে মজিবুরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মজিবুর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পর থেকে মজিবুরসহ বাড়ির অন্যরা পলাতক। এ ব্যাপারে শিল্পীর মামা রইছ উদ্দিন গতকাল রোববার সিঙ্গাইর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় মজিবুর, তাঁর বাবা নাছির মাতব্বরসহ ছয়জনকে আসামি করা হয়েছে।পৃথক ঘটনায় বায়রা গ্রামে মারধরে আহত রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।সূত্র জানায়, বিভিন্ন বিষয় নিয়ে রফিকুলের সঙ্গে তাঁর ভাইদের বিরোধ চলে আসছিল। গত শনিবার রাতে ভাই মিলন, শফিকুল, হিলন ও শরীফুলের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে রফিকুলকে মারধর করে। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে তিনি সেখানে মারা যান।