মানিকগঞ্জের ১১ শিক্ষার্থী যাচ্ছেন চীন
নিপা আক্তার। দরিদ্র কৃষক পরিবারের সন্তান। চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় তিনি। দারিদ্র্যের সঙ্গে বসবাস। তবু হাল ছাড়েননি। মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে কম্পিউটার বিষয়ে (ট্রেড) এইচএসসি (ভকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এখন স্কলারশিপ পেয়ে পড়াশোনা করতে যাচ্ছেন চীনে।
শুধু নিপা আক্তার নন, তাঁর মতো আরও ১০ শিক্ষার্থী স্কলারশিপ পেয়ে পড়তে চীন যাচ্ছেন। তাঁরা হলেন শুভ কুমার দাস, জান্নাতুল ফেরদৌস, তানভির হোসেন, আশিকুর রহমান, মো. সাইফুজ্জামান, ওয়ালিউর ইসলাম, রাকিবুল হাসান, হাবিবুর রহমান, শামীম আহমেদ ও শাহিনুর ইসলাম। তাঁদের প্রত্যেকেই গত বছর (২০১৬) কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেন। ২৪ সেপ্টেম্বর চীন যাচ্ছেন তাঁরা।
নিপা মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় গ্রামের ইউনুছ মণ্ডলের মেয়ে। গতকাল মঙ্গলবার কথা হলো তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ পর্যন্ত এসেছি। কখনো ভাবিনি স্কলারশিপে বিদেশে পড়ার সুযোগ পাব। সেখানে পড়ালেখা শেষ করে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরব। ভবিষ্যতে মানুষ ও দেশের জন্য কাজ করব।’
শাহিনুর ইসলামের বাবাও কৃষিকাজ করে সংসার চালান। শাহিনুর বললেন, ‘সবারই স্বপ্ন থাকে, আমিও এর ব্যতিক্রম নই। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি, পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করব, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করব। সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।’
১১ শিক্ষার্থীর কৃতিত্বের জন্য গতকাল দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম মৃধা ও কলেজের শিক্ষকেরা।
স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘তোমরা লেখাপড়ায় কৃতিত্ব দেখিয়েছ, সেই ফল এখন ভোগ করার সুযোগ পেয়েছ। এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে এবং ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে কলেজের অধ্যক্ষ সেলিম মৃধা বলেন, ‘বন্ধু দেশগুলো থেকে মেধাবী তরুণ শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে চীন। বিনা খরচে পড়ার সুযোগ দিচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে তোমরা উচ্চশিক্ষা অর্জন করবে। সেই মেধা ও জ্ঞান কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সম্পৃক্ত থাকবে।’
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর চীনা দূতাবাসের সহযোগিতায় সে দেশের সরকারের স্কলারশিপের আওতায় চীনে বিভিন্ন পলিটেকনিক, কারিগরি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পান দেশের কারিগরি শিক্ষা বোর্ডের ৩৪৫ জন শিক্ষার্থী। গত ৬ জুলাই চীনের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি বাংলাদেশে এসে এসব শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন। এর মধ্যে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১১ জন শিক্ষার্থী রয়েছেন।