মানিকছড়িতে একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার কালাপানির এলাকার আচালংপাড়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। নিহত ব্যক্তি হলেন আচালংপাড়ার আবদুল মালেকের ছেলে মমিনুল হক (৫৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মমিনুল হক গতকাল জুমার নামাজ পড়তে গ্রামের মসজিদে যাওয়ার পথে এ হামলার শিকার হন। একই এলাকার আলী হোসেন ও তাঁর দুই ছেলে মিলে মমিনুল হকের ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করেন। পরে এলাকার লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, একই এলাকার পল্লি চিকিৎসক মো. গোফরান ২০০৯ সালে খুন হন। এই হত্যা মামলার প্রধান আসামি হলেন আলী হোসেন। মামলার অন্যতম সাক্ষী ছিলেন নিহত মমিনুল হক। আলী হোসেন এই মামলায় আদালত থেকে বর্তমানে জামিনে রয়েছেন। পরিবারের ধারণা, এ কারণে মমিনুল হককে হত্যা করা হয়েছে।
মানিকছড়ি থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা দায়ের করা হয়নি। জমিজমাসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।