মানিকছড়িতে জেএসএস নেতা গুলিতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা সদরে সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) উপজেলা শাখার সাধারণ সম্পাদক পেসকা মারমা ওরফে জাপানকে গতকাল সোমবার রাত সাড়ে আটটায় রাজপাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পেসকা মারমা রাজপাড়ার বাসিন্দা ছিলেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী বলেন, গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ হত্যাকাণ্ডটির জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (এমএন-লারমা) দলের সশ্রস্ত্র সন্ত্রাসীরাই দায়ী। তিনি পেসকা মারমার হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ইউপিডিএফ খাগড়াছড়ি জেলার সংগঠক প্রদীপন খীসা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।