মানিকছড়িতে সকালে ১৪৪ ধারা জারির পর বিকেলে প্রত্যাহার
আদিবাসী দুটি সংগঠনের পৃথক কর্মসূচির কারণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছয়টি স্থানে গতকাল বুধবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্ট সময় পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক থাকায় বিকেল চারটায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা সমর্থিত) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পৃথক দাবিতে গতকাল উপজেলা সদরে কর্মসূচির ডাক দেয়। আদিবাসীদের ভূমি বেদখলের বিরুদ্ধে ইউপিডিএফ এবং জনসংহতি সমিতি তাদের প্রয়াত সদস্য স্কুলশিক্ষক চিংসামং মারমা হত্যার (গত বছর খুন হন) প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে।
১৪৪ ধারা জারি হওয়া ছয়টি স্থান হলো উপজেলার পিছলাতলা, জামতলা, মহামুনি, গচ্ছাবিল, বকরি পাড়া ও গিরি মৈত্রী কলেজ এলাকা।
মানিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যূথিকা সরকার জানান, দুটি সংগঠনের কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কায় বুধবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। তবে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হওয়ায় বিকেল চারটায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ১৪৪ ধারা জারির কারণে কোনো সংগঠন কর্মসূচি পালন করেনি।