মানিকছড়ি থানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
খাগড়াছড়ির মানিকছড়ি থানায় গতকাল বুধবার অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে অস্ত্রাগার ও হাজতখানার মধ্যে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে অস্ত্রাগারের গোলাবারুদ বিস্ফোরিত হওয়ার কারণে কেউ আগুন নেভাতে এগিয়ে আসেনি। পরে রামগড় থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। এরই মধ্যে পুলিশের ব্যারাক, অস্ত্রাগার, বেতারকক্ষ ও হাজতখানা সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় হাজতখানায় কোনো আসামি ছিলেন না।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহজাহান জানান, অগ্নিকাণ্ডে ৬৪টি বিভিন্ন ধরনের অস্ত্র ও কমপক্ষে সাড়ে চার হাজার গুলিসহ কয়েকটি লাইসেন্স করা বন্দুক পুড়ে গেছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ১০৬ ফুট দৈর্ঘ্যের ও ২০ ফুট প্রস্থের একটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) শেখ মিজানুর রহমান, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।