মানিকছড়িতে জমে উঠেছে প্রচারণা
দদাতা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।
উপজেলার একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন।
গত সোমবারসরেজমিনে দেখা যায়, প্রার্থীদের পোস্টার-প্রচারপত্রে উপজেলার বিভিন্ন অঞ্চল ছেয়ে গেছে। চলছে জমজমাট প্রচারণাযুদ্ধ। আওয়ামী লীগ ও বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কয়েকজন ভোটার বলেন, প্রতিদিন প্রার্থীদের ডাকে তাঁদের ঘুম ভাঙছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তাঁরাও প্রার্থীদের সামনে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরছেন। প্রার্থীরা নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন।
অনেকের অভিযোগ, নির্বাচনে জয়ী হলে প্রার্থীরা ভোটারদের আর চেনেন না। তাঁরা বলেন, এলাকার গরিব-দুঃখীদের স্বার্থ যাঁরা দেখবেন, তাঁরা তাঁদের ভোট দেবেন।
উপজেলার দুর্গম তিনগইজ্যাপাড়া ত্রিপুরাপল্লির বাসিন্দা শিপন ত্রিপুরা বলেন, ‘ভোট এলে অনেকেই আসেন আমাদের কাছে। ভোট চলে গেলে তাঁরা তো আমাদের কাছে আসেনই না, তাঁদের কাছে গিয়েও সমস্যার কথা বলা সম্ভব হয় না। যে প্রার্থী আমাদের খোঁজ-খবর রাখবেন, সেই প্রার্থীকেই আমরা নির্বাচিত করতে চাই।’
উপজেলার কালাপানি, গাড়ীটানা, বাটনাতলী, চেঙ্গুছড়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তাঁরা শঙ্কার মধ্যে আছেন।
বাটনাতলী ইউনিয়নে বিএনপির প্রার্থী এম এ কাদের বলেন, প্রতিপক্ষ নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। তাঁর কর্মীরা ভোটারদের কাছে যেতে পারছেন না। সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তবে যোগ্যাছোলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ক্যজয়রী মহাজন বলেন, তিনি মনে করছেন ভোট সুষ্ঠুভাবে শেষ হবে।
মানিকছড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শফিকুর রহমান। এ ইউনিয়নে বিএনপির প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি মো. আবুল কাশেম।
বাটনাতলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম। আর বিএনপির প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ কাদের।
যোগ্যাছোলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ক্যজয়রী মহাজন। এখানে বিএনপির প্রার্থী মো. জামাল হোসেন। এ ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মাঠে আছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আলমাছ মিয়া।
তিনটহরী ইউনিয়নে বিএনপির প্রার্থী উপজেলা যুবদলের নেতা মো. জাকির হোসেনের মনোনয়ন বাতিল হয়ে গেছে। এ ইউনিয়নে আর কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
মানিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।