মানিকছড়ির রাঙ্গাপানিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ১, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় রাঙ্গাপানি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল নয়টায় মানিকছড়ি থেকে লক্ষ্মীছড়ি যাওয়ার পথে রাঙ্গাপানি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলো বরণ চাকমা (৩৬)। তাঁর পিতা সুনীতি চাকমা। আহত ব্যক্তির নাম সুজতা চাকমা। স্বামী ও স্ত্রী দুজনই লক্ষ্মীছড়ি বিআরডিবি অফিসে চাকরি করেন।জানা যায়, প্রতিদিনের মতো আলো বরণ চাকমা ও তাঁর স্ত্রী লক্ষ্মীছড়ি উপজেলা বিআরডিবি অফিসের উদ্দেশে মোটরসাইকেলযোগে রাঙ্গাপানি এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা কাছ থেকে আলো বরণ ও তাঁর স্ত্রী সুজতা চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থলেই আলো বরণ চাকমা নিহত হন ও তাঁর স্ত্রী সুজতা চাকমা গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মানিকছড়ি উপজেলা শাখার জেএসএস সভাপতি জাপান বাবু ও লক্ষ্মীছড়ি উপজেলা শাখার জেএসএস সভাপতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছে।এদিকে ইউপিডিএফ প্রতিনিধি ক্যহ্লাচিং মারমা জানান, এ অঞ্চলটি বোরকা পার্টির নিয়ন্ত্রণে রয়েছে। তাদের (জেএসএস) দোষ ধামাচাপা দেওয়ার জন্য ইউপিডিএফকে দায়ী করা হয়েছে। মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক মো. কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।