মানিকদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী এলাকায় সুমাইয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ ওই বাসা থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সুমাইয়ার স্বামী সাইফুদ্দিনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া নগরে আরও দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, সুমাইয়া তাঁর স্বামীর সঙ্গে ৭৩৩/১ পূর্ব মানিকদীতে থাকতেন। গতকাল শনিবার সকালে পুলিশ ওই বাসার খাটের ওপর থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে সুমাইয়ার স্বামী সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মর্গে মৃত গৃহবধূর মামাতো ভাই জাকির হোসেন জানান, দুই বছর আগে সাইফুদ্দিনের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। সুমন বেকার থাকায় সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হতো। তিনি অভিযোগ করেন, সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করেছেন সাইফুদ্দিন। তবে সাইফুদ্দিন পুলিশের কাছে দাবি করেন, তিনি হত্যা করেননি। সুমাইয়া আত্মহত্যা করেছেন। বেকার থাকার কারণে সুমাইয়ার সঙ্গে তাঁর ঝগড়াঝাঁটি হতো। এর জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন প্রথম আলোকে জানান, পুলিশের কাছে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তাই সুমাইয়ার স্বামী সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সুমাইয়ার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আঙ্গারপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মো. সাইদুর রহমান ওহাব। তরুণীর লাশ উদ্ধার: গতকাল সকালে পুলিশ পল্লবীর আলীনগর ঝিল থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে। তার পরনে ছিল কালো রঙের সালোয়ার ও লাল রঙের কামিজ। তার বয়স আনুমানিক ১৭ বছর। পুলিশের ধারণা, পানিতে ডুবে তরুণীর মৃত্যু হয়েছে।যুবকের মৃত্যু: গতকাল বিকেলে ডেমরা কোনাপাড়ার ভাড়া বাসা থেকে কামরুল (২০) নামের এক যুবককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, ঘুমের মধ্যে কামরুলের মৃত্যু হয়। ডেমরা থানা সূত্র জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।