সরকার উড়াল সড়ক প্রকল্প বাস্তবায়নে রাজধানীর মানিকনগর-মুগদাপাড়ার ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করবে না বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী।রোববার বিকেলে মানিকনগর মডেল হাইস্কুলসংলগ্ন সড়কে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী এ কথা বলেন।স্থানীয় সাংসদ বলেন, স্থানীয় বাসিন্দাদের ক্ষতি হয় এমন কাজ সরকার করবে না। যোগাযোগ মন্ত্রণালয়, সেতু বিভাগসহ সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। এর পরও যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান অহেতুক হয়রানি করে তা সংশ্লিষ্ট থানায় অবহিত করার পরামর্শ দেন তিনি।ঢাকার যানজট নিরসনে বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বিদ্যমান রেললাইন ঘেঁষে ২৬ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তিন পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করার কথা। প্রথম পর্বে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত, দ্বিতীয় পর্বে তেজগাঁও থেকে কমলাপুর ও তৃতীয় পর্ব কমলাপুর থেকে মানিকনগর হয়ে কুতুবখালী পর্যন্ত এই উড়াল সড়ক নির্মাণ করা হবে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম পর্বের জমি অধিগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি চলছে। দ্বিতীয় পর্বের জমি অধিগ্রহণ শুরু হয়নি। তবে কোথায় কতটুকু জমি অধিগ্রহণ করা হবে, সে বিষয়ে মাপজোক শুরু হয়েছে। এরপরই স্থানীয় বাসিন্দারা জমি রক্ষার জন্য আন্দোলন শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে সাবের হোসেন চৌধুরী স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন।সাবের হোসেন চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। বক্তব্য দেন মোশাররফ হোসেন, বি এম সিরাজুল ইসলাম, তমিজউদ্দিন, মোবারক হোসেন প্রমুখ।