মানিকের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তার হাত নেই। একটি পা ছোট। চলাফেরা করতে কষ্ট হয়। এত সমস্যা থাকার পরও পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ আছে তার। সে শুধু পা দিয়ে লিখতে পারে। ইচ্ছাশক্তির জোরে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে সে। সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়।
এই হার না মানা ছেলেটির নাম মানিক রহমান। বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শহরের মহিলা কলেজ সড়কে। জন্ম থেকেই সে প্রতিবন্ধী। বয়স মাত্র ১১ বছর। জন্মের পর তারা মা-বাবা তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। কিন্তু তাঁদের মুখে এখন খুশির ঝিলিক। ছেলেকে নিয়ে তারা রীতিমতো গর্বিত। সে ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। এই বয়সেই তার পায়ের লেখা ও ছবি আঁকা দেখে সবাই অভিভূত। পাশাপাশি সে ভালো ছাত্র। তার রোল নম্বর ৩।
মানিক রহমানের বাবা মিজানুর রহমান একজন ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ী। মা মরিয়ম বেগম খড়িবাড়ি রাবাইটারি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ে গিয়ে মানিকের দেখা পাওয়া যায়। শ্রেণিকক্ষে বসে মাথা নিচু করে পা দিয়ে খাতায় লিখছে। লেখা অসম্ভব সুন্দর। কী হতে চাও—জানতে চাইলে মাথা উঁচু করে বলে, ‘কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।’
মিজানুর রহমান বলেন, ‘মানিক জন্মাবার পর খুব খারাপ লেগেছিল। আস্তে আস্তে মায়া জাগে। এখন এক দিন না দেখলে থাকতে পারি না। সে নিজে খেতে পারে না। এ ছাড়া সবকিছু করতে পারে। আগে কথা বলতে পারত না। এখন কিছুটা পারে।’
মা মরিয়ম বেগম বলেন, ‘ছেলের অবস্থা দেখে সবাই হতাশ হয়ে পড়েছিল। মনে করেছিল বাঁচবে না। একটু বড় হলে চিকিৎসা করাই। পড়াশোনার আগ্রহ দেখে বিদ্যালয়ে পাঠাই। ভালো ফলাফল করায় মনে আশা জাগে।’