মানিব্যাগ দিতে দেরি করায় খুন হন আইনজীবী পলাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিব্যাগ দিতে দেরি করায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও আইনজীবী পলাশকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া রূপক গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানান।
রূপক (২৫) ভৈরব শহরের ভৈরবপুর উত্তরপাড়া মহল্লার বাসিন্দা। কিশোরগঞ্জ আদালতের মুখ্য বিচারিক হাকিম শাহাদত হোসেন তাঁর জবানবন্দি গ্রহণ করেন। পলাশের বাড়ি আগানগর দক্ষিণপাড়া এলাকায়।
সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) মৃত্যুঞ্জয় দে বলেন, রূপককে গত সোমবার ভৈরবপুর মহল্লা থেকে আটক করা হয়। আটকের পর পুলিশের কাছে তিনি হত্যার কথা স্বীকার করেন। জবানবন্দিতে রূপক নিজেকে ছিনতাইকারী বলেও স্বীকারোক্তি দেন।
জবানবন্দিতে রূপক জানান, ৭ মার্চ দলের আরও তিন সদস্যকে নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে তিনি শহরের ভৈরবপুর এলাকার নাটাল চত্বরে অবস্থান নেন। ওই দিন রাত ১১টার পর তাঁরা রিকশা আরোহী পলাশের গতিরোধ করেন। তখন পলাশ তাঁদের পরিচয় জানতে চান। মানিব্যাগ দিতে দেরি করায় ভয় লাগানোর জন্য তাঁকে ছুরিকাঘাত করা হয়। প্রচুর রক্তক্ষরণ হতে দেখে মুঠোফোনসহ কিছু না নিয়ে তাঁরা পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এ এস এম আবুল কালাম আজাদ বলেন, ওই ঘটনায় নিহত ব্যক্তির বোন সাতজনের নাম উল্লেখসহ ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে উল্লেখ করেন। এজাহারে রূপকের নাম ছিল না। দায় স্বীকার করায় তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর অপর তিন সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলাসহ আরও চারটি ছিনতাইয়ের মামলা রয়েছে।
পলাশের ছোট বোন ও মামলার বাদী শারমিন সুলতানা বলেন, মামলায় নিরপরাধ কেউ যেন হয়রানি না হয়। প্রকৃত খুনিরা যেন শাস্তি পায়। পলাশ হত্যার বিচার চেয়ে এবং ছিনতাইকারীমুক্ত ভৈরবের দাবিতে প্রতিদিনই প্রতিবাদ সভা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।