মানিয়ে নেওয়ার মানসিকতা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মোট পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ২৮ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এই অঙ্কটি ১০০ বিলিয়নে নিয়ে যেতে গেলে কী কী করা দরকার, নয়াদিল্লিতে আপাতত তারই চর্চা চলছে। বিশ্বব্যাংকের সহায়তা ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) উদ্যোগে সেই চর্চায় অংশ নিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল মঙ্গলবার বলেন, যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও একটু মানিয়ে নেওয়ার মানসিকতা এই অসাধ্যসাধন করতে পারে।
এই উপমহাদেশের সার্বিক উন্নয়নের জন্যই একটা সময় সার্ক গঠিত হয়েছিল। কিন্তু নানা কারণে সার্ক সেভাবে আঞ্চলিক প্রত্যাশা পূরণ করতে পারছে না। ভুবনীকরণ ও উদারনীতির সুফলও দক্ষিণ এশিয়ার দেশগুলো সেভাবে নিতে পারছে না। ফলে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র বিস্তার লাভ করছে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) সম্প্রতি অবাধ যান চলাচল নিয়ে যে চুক্তি করেছে, তা বাণিজ্যিক বহর বাড়াতে যথেষ্ট সহায়ক হবে। সহযোগিতার এই উদাহরণকে অন্যত্র ছড়িয়ে দেওয়ার তাগিদ এই সম্মেলনে দেখা গেল। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবেশীরা সহযোগিতার হাত বাড়ালে এই অঞ্চলের শ্রীবৃদ্ধি অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াবে।
প্রধানত যোগাযোগ বৃদ্ধিই বাণিজ্য বিস্তারের মূল অনুঘটক। তোফায়েল আহমেদ সেই ক্ষেত্রে জলপথ ও রেলপথের যোগাযোগের ওপরে বিশেষ গুরুত্ব দেন। অবশ্য যোগাযোগের ক্ষেত্রে ভিসা সমস্যা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে, সেই প্রসঙ্গ দুই দিনের এই সম্মেলনে উঠে এসেছে। যেমন এসেছে পণ্য আমদানি-রপ্তানিতে অশুল্ক বাধা। এই প্রসঙ্গেই মানিয়ে নেওয়ার মানসিকতা উঠে আসে। উঠে আসে পারস্পরিক বিশ্বাস ও ভরসার বিষয়টি। বাংলাদেশ-ভারত সম্পর্ক সাম্প্রতিককালে যে উচ্চতায় পৌঁছেছে, সেখানে এই মানসিকতা অনেক বাধা দূর করবে বলে সম্মেলনে অনেকেই আশা প্রকাশ করেছেন। যেমন আন্তর্জাতিক সম্পর্কের চিন্তাবিদ সি রাজামোহন মনে করেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক গত কয়েক বছরে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেই এত দশকের সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা হতে পেরেছে। বিশ্বের কাছে এটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকছে।
বাংলাদেশের জনগণের চাহিদা, উন্নয়নের তাগিদ এবং সার্বিক উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কীভাবে এগোচ্ছে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার এক সংক্ষিপ্ত চিত্র তাঁর ভাষণে তুলে ধরেন। কৃষিভিত্তিক দেশ হয়েও কীভাবে বস্ত্র রপ্তানিতে প্রথম সারিতে এসেছে, স্বাধীনতার সময় ৫৭ শতাংশ দারিদ্র্য আজ ২৪ শতাংশে নেমে এসেছে এবং কীভাবে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরিত করে মধ্যম আয়ের দেশে উত্তরণ ঘটানো হবে তার উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কিন্তু কৃষিক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাই সার্বিক উন্নতি ও প্রবৃদ্ধির জন্য নজরটা ক্রমশ উৎপাদন শিল্প ও পরিষেবা ক্ষেত্রের দিকে ঘোরাতে হবে। বিশ্বের দাবিও এটাই।
সম্মেলনে ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন, নেপালের বাণিজ্যমন্ত্রী সুনীল বাহাদুর থাপা, মালদ্বীপের অর্থমন্ত্রী আবদুল্লা জিহাদ, ভুটানের অর্থমন্ত্রী লিয়ংপো নরবু ওয়াংচুক, বিশ্বব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।