মানুষ অন্যায় মানেনি, মেনে নেবেও না: ড. কামাল

গণফোরামের সভাপতি ও সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বাংলাদেশের মাটি ও মানুষ কখনো অন্যায় মানেনি, কোনো দিন মেনে নেবেও না। তবে দেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের মতোই জাতীয় ঐক্য দরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবিধান বক্তৃতামালায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। বাংলার পাঠশালা নামের একটি সংগঠন এই বক্তৃতামালা ও আলোচনা সভার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
ড. কামাল হোসেন বলেন, ‘সেই পঞ্চাশের দশক থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমাদের মধ্যে অসাধারণ ঐক্য গড়ে উঠেছিল। সেই ঐক্যের কারণেই দেশ স্বাধীন হয়েছিল। সেই ঐক্যের কারণেই ’৭২-এর সংবিধান করতে আমাদের কোনো সমস্যা হয়নি। সেই ঐক্য আবার ফিরিয়ে আনতে হবে৷’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সংবিধানে শোষণমুক্ত সমাজ, অর্থনৈতিক মুক্তি—এই কথাগুলো ছিল। সে সময়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে থেকেই আমরা এই কথাগুলো পেয়েছিলাম। আজকে তোমরাও নিশ্চয়ই সেভাবেই ভাবো। আমরা পরাধীন দেশে জন্মেছিলাম, স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম। তোমরা স্বাধীন দেশে জন্মেছ। তোমাদের অনেক কিছু করার আছে৷’
ড. কামাল বলেন, বাংলাদেশের মাটি, মানুষ কোনো দিন অন্যায় মেনে নেয়নি। এই যে আদালত তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন, সেটিও জনগণের বিজয়।
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আমীর-উল ইসলাম বলেন, ‘অনেকেই প্রশ্ন করেন, ১৯৭০ সালে নির্বাচিত জনপ্রতিনিধিরা কী করে দেশ স্বাধীনের পর সংবিধান প্রণয়ন করেন? এটা অযথা বিতর্ক। আমরা সত্তরের নির্বাচনের পরেই একটি খসড়া সংবিধান তৈরির কাজ শুরু করছিলাম এবং জনগণ আমাদের সেই অধিকার দিয়েছিল৷’ তিনি বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশে ফিরে বলেছিলেন, কবিগুরুর কথা মিথ্যা হয়েছে। সাড়ে সাত কোটি বাঙালি মানুষ হয়েছে। কিন্তু আসলে তা হয়নি। একটি মুক্তিযুদ্ধ করলেই সবাই মানুষ হয়ে যায় না। সে কারণেই আমি তখন বঙ্গবন্ধুকে বলেছিলাম, এই যে লাখ খানেক মুক্তিযোদ্ধা, তাদের ক্যাম্পে রেখে প্রশিক্ষণ দিন, লেখাপড়া শেখান, এরাই একদিন প্রশাসন চালাবে। কিন্তু আমরা তখন সেই কাজটি করতে পারিনি। এখনো আমরা মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করতে পারিনি৷’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘জনগণের ইচ্ছার প্রতিফলন সংবিধান। কিন্তু জনগণের ইচ্ছার প্রতিফলন কি আসলেই হয়? আমরা যেসব জনপ্রতিনিধি নির্বাচিত করি, তাঁরা কি আমাদের কথা বলেন?’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জানতেন খন্দকার মোশতাক কেমন। তার পরও তাঁকে তিনি রেখেছিলেন। আজকে শেখ হাসিনা একইভাবে শামীম ওসমানকে রাখছেন৷’
সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া আমীর বলেন, সামরিক আইন কখনো আইন হতে পারে না। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহেদ ইকবাল। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান ছিল সবচেয়ে প্রগতিশীল সংবিধান। মানবাধিকার, গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা—সব সেখানে ছিল। কিন্তু একের পর এক সংশোধনীর মাধ্যমে সেখান থেকে সরে আসা হয়েছে৷
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য স্মৃতিচারণার। কারণ, দেশ স্বাধীনের পরেই আমরা সবাই এর সঙ্গে জড়িত ছিলাম৷’